প্রকাশকাল: ২৬ মে ২০২৬
ডাউনলোড: ২৬ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

হোয়াইক্যং চেকপোস্টে ১৬ হাজার ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

কামরুল ইসলাম (বিশেষ প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরের ছেলে মোহাম্মদ আনোয়ার (৫৬)।

সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা এবং বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেনরী” গাড়িটিতে তল্লাশি চালানোর উদ্যোগ নেন। এসময় চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিজিবির সঙ্গে অশোভন আচরণ করেন এবং জোরপূর্বক চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন।

পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করেন। তল্লাশীকালে তার কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ডগ “হেনরী”র সহায়তায় মাইক্রোবাসের পেছনের সিটের কভারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় মাদক পাচারে ব্যবহৃত মাইক্রোবাস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোহাম্মদ আনোয়ার স্বীকার করেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।