প্রকাশকাল: ২৭ মে ২০২৬
ডাউনলোড: ২৭ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

বাগেরহাটে মোটরসাইকেল, ইয়াবা ও নগদ টাকাসহ ০৩ মাদক কারবারি গ্রেফতার

অংকন মজুমদার

বাগেরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মোটরসাইকেল, ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা মোড় ও খান জাহান আলী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. এনামুল হকের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে হাড়িখালী তেঁতুলতলা মোড়ে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এসময় মুনিগঞ্জ ব্রিজের দিক থেকে আসা একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে চালক ও আরোহী পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

তল্লাশিকালে তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মেটালিক ব্লু রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই রাতে বাগেরহাট সদর থানার খান জাহান আলী মোড় এলাকায় ডিবি পুলিশের আরেকটি টিম অভিযান চালিয়ে আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।