প্রকাশকাল: ৪ জুন ২০২৬
ডাউনলোড: ৪ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

​মাদক নির্মূলে জনগণের সহযোগিতা চাইলেন এসপি ফারহানা ইয়াসমিন

আশিকুর রহমান

জামালপুরের মাদারগঞ্জে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাই, যৌতুক এবং নারী-শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল ৫টায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজারে মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “আমি চাই মাদক একেবারে নির্মূল হয়ে যাক। জনবল ও যানবাহনের সংকট থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা দিয়ে যাচ্ছি। তবে মাদক নির্মূলে জনগণের সহযোগিতা প্রয়োজন। এখন শুধু দরকার মাদক ব্যবসায়ীদের নাম ও তথ্য।”

তিনি আরও বলেন, পুলিশের সক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোরশেদা খাতুন, মাদারগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু মিয়া, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, উপজেলা নাগরিক শক্তি (এনসিপি) নেতা খোরশেদ আলম লেমন, চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা শাহিনুর রহমান এবং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়ারউদ্দিন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ মডেল থানার এসআই সাইফুল ইসলাম।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধসংক্রান্ত তথ্য পুলিশের কাছে তুলে ধরেন। এ সময় থানার বিভিন্ন কর্মকর্তা, পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা অপরাধমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।