নিজ অর্থায়নে ঝুঁকিপূর্ণ সেতু মেরামত করলেন বিএনপি নেতা হাসানুজ্জামান খোকন
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভূতেরদিয়া এলাকায় বাহেরচর বাজার সংলগ্ন দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ একটি সেতু নিজ অর্থায়নে সংস্কার করেছেন স্থানীয় বিএনপি নেতা ও সমাজসেবক হাসানুজ্জামান আর্মি খোকন।
স্থানীয় সূত্রে জানা যায়, কেদারপুর ইউনিয়নের এমপিরহাট বাজার থেকে দেহেরগতি ইউনিয়নের বাহেরচর বাজারে যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সেতুর মাঝখানের অংশ দীর্ঘদিন ধরে ভেঙে ছিল। ফলে ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করলেও সেতুটি সংস্কারে দীর্ঘদিন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন বিএনপি নেতা হাসানুজ্জামান আর্মি খোকন। গত বৃহস্পতিবার (৪ জুন) তিনি নিজ অর্থায়নে সেতুর ভাঙা অংশে খোয়া, বালু ও সিমেন্ট দিয়ে ঢালাইয়ের মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন করেন।
সংস্কার কাজে কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মুন্না, সজল, লিমন, সাগর, স্বাধীন ও অপুসহ স্থানীয় যুবসমাজের আজিজুল আকন, কাইয়ুম ব্যাপারী, হানিফ আকন এবং আরও অনেকে স্বেচ্ছাশ্রমে অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি সংস্কার হওয়ায় এখন নিরাপদে চলাচল করা সম্ভব হচ্ছে। তারা এ উদ্যোগের জন্য হাসানুজ্জামান খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাসানুজ্জামান আর্মি খোকন বলেন, “মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনপ্রতিনিধি হওয়া জরুরি নয়। প্রয়োজন আন্তরিকতা ও মানবিকতা। এলাকার মানুষের দুর্ভোগ কমাতে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক যেকোনো কাজে তিনি সবসময় সহযোগিতা করে যাবেন।