রাজাপুরে মায়ের সঙ্গে অভিমানে বিষপানে কলেজছাত্রীর মৃত্যু
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে বিষপান করার পর মোসা. লামিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া আক্তার উপজেলার সাঙ্গর গ্রামের আবুল কালাম হাওলাদারের মেয়ে এবং রাজাপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার এক যুবকের সঙ্গে লামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবককে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেও বিষয়টি নিয়ে পরিবারের আপত্তি ছিল। এক পর্যায়ে লামিয়ার মা ওই যুবকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে বিয়ের ব্যাপারে তার পরিবারের সদস্যদের প্রস্তাব নিয়ে আসার কথা জানান।
তবে পরবর্তীতে ওই যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় লামিয়াকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেন তিনি। এ নিয়ে মা-মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল।
ঘটনার দিনও তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে লামিয়াকে শাসন ও মারধর করা হয় বলে পরিবারের সদস্যরা জানান। এতে অভিমান করে ঘরে থাকা পোকামাকড় দমনের বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলেন তিনি।
বিষপানের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আসাদুল ইসলাম বলেন, “একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মা ও মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মা তাকে কয়েকটি থাপ্পড় দেন। এতে অভিমান করে লামিয়া বিষাক্ত ট্যাবলেট সেবন করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “বিষপানে মৃত্যুর ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।”
