গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১
গাজীপুরের চৌরাস্তা এলাকায় পুলিশ বক্সের ভেতরে ঢুকে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) সকালে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত ও সড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহের সময় স্টার নিউজের প্রতিবেদক হোসাইন আলী বাবুর ওপর এ হামলার ঘটনা ঘটে। আটক যুবকের নাম মোহাম্মদ জুয়েল। হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহ শেষে হোসাইন আলী বাবু গাজীপুর চৌরাস্তার একটি পুলিশ বক্সে বসে অফিসিয়াল কাজ করছিলেন। এ সময় এক যুবক সেখানে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিকের চিৎকার শুনে দায়িত্বরত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
আহত সাংবাদিক হোসাইন আলী বাবু জানান, সকাল থেকে তিনি চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। হামলাকারী কয়েক দফা এসে তার পরিচয় জানতে চাইলেও কর্মব্যস্ততার কারণে তিনি সাড়া দিতে পারেননি। পরে পুলিশ বক্সে বসে কাজ করার সময় ওই যুবক কোনো ধরনের উসকানি ছাড়াই তার ওপর হামলা চালায়।
তিনি বলেন, আমি এর আগে কখনো ওই ব্যক্তিকে দেখিনি। তার সঙ্গে আমার কোনো পরিচয় বা বিরোধও ছিল না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গাজীপুর চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবী ও ছিনতাইকারী চক্রের আনাগোনা রয়েছে। অনেক সময় অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। হামলার পেছনে এমন কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
এ ঘটনায় গাজীপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি জানিয়েছেন, তার মা হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”