প্রকাশকাল: ৭ জুন ২০২৬
ডাউনলোড: ৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি

অংকন মজুমদার

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে অন্য এক ব্যক্তি নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিশোধ হিসেবে ওই ব্যক্তির স্ত্রীকে বিয়ে করার ঘটনা ঘটেছে। উপজেলার পেকুয়া গ্রামের এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাজাহান সিরাজ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

হাসানের বাড়ির পাশের একটি প্রতিষ্ঠানে বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া। কর্মসূত্রে রাজুর সঙ্গে হাসানের পরিবারের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে রাজুর সঙ্গে হাসানের স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। গত ৭ মে জহুরা আক্তারকে নিয়ে রাজু চলে যান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসান প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে রাজুর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। পরে গত ৪ জুন রাজুর স্ত্রীকে তার তিন বছরের সন্তানসহ সাতক্ষীরা থেকে মির্জাপুরে নিয়ে আসেন এবং তাকে বিয়ে করেন।

হাসান মিয়া বলেন, “ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি। পরকীয়া প্রেমের শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি।”

তবে এ বিষয়ে রাজু মিয়ার বক্তব্য জানা যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বলেন, “এ বিষয়ে এখনো কোনো তথ্য আমার কাছে আসেনি।”