কেএমপির বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা ও গাঁজা
খুলনা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
কেএমপি সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় ৭ জুন সন্ধ্যা ৬টা থেকে ৮ জুন সকাল ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা থেকে ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১০ জন, লবণচরা থানা থেকে ৪ জন, খালিশপুর থানা থেকে ৩ জন, দৌলতপুর থানা থেকে ২ জন, খানজাহান আলী থানা থেকে ৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে ২০৪ পিস ইয়াবা ও ৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কেএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।