মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: চিরুনি অভিযানে আটক ৬, প্রধান আসামি পলাতক
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪নং বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী গ্রামে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের ৬ সহযোগীকে আটক করে এলাকাবাসী, পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত আনুমানিক ১১টার দিকে ৪নং বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী গ্রামের বাসিন্দা মমিনের ১৭ বছর বয়সী কন্যা ও এসএসসি পরীক্ষার্থী মীমকে অপহরণ করা হয় বলে পরিবারের অভিযোগ। তাদের দাবি, ৫নং জোরখালী ইউনিয়নের খিলকাটি গয়েসপাড়া গ্রামের নাইম (২০), পিতা- মিস্টার, তার সহযোগীদের নিয়ে এ ঘটনায় জড়িত।
অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় নাইমের সঙ্গে মোট ১২ জন ছিল। এলাকাবাসীর তৎপরতায় মনির ইসলাম, সয়ন, ইউনুস, হোসেন, সজিব ও সবুজসহ ৬ জনকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানা হেফাজতে নেয়।
তবে মূল অভিযুক্ত নাইম (২০)সহ বাকি ৬ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, তারা অপহৃত এসএসসি পরীক্ষার্থী মীমকে সঙ্গে নিয়ে এখনো পলাতক রয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় জানান, “এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। মোট ১২ জনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।