প্রকাশকাল: ১৪ জুন ২০২৬
ডাউনলোড: ১৪ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধন

মোঃ সাজিদ হাসান শান্ত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১ নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবনা বাতিল ও ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে উপজেলা পরিষদের সামনে কাংশা ইউনিয়নের সর্বস্তরের বাসিন্দাবৃন্দ ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইউনিয়নের বাকাকুড়া, নওকুচি, গান্ধীগাঁও, কাংশা, দুধনই, গজনী এলাকার বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “ইউনিয়ন পরিষদ ভবন এমন স্থানে নির্মাণ করা উচিত, যেখানে ইউনিয়নের সব ওয়ার্ডের মানুষ সহজে যাতায়াত করতে পারেন। মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণ করা হলে সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষের সময়, খরচ ও দুর্ভোগ কমবে।”

এর আগে, গত ২০ মে জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ শেরপুরের উপপরিচালক বরাবর লিখিত আবেদনও প্রদান করেন এলাকাবাসী।

কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেন,“পরিষদ ভবনটি কেন্দ্রীয় স্থানে নির্মাণের দাবি অত্যন্ত যৌক্তিক। তবে মধ্যবর্তী স্থানে পরিষদ ভবন নির্মাণের জন্যে প্রয়োজনীয় জমিসহ আনুষাঙ্গিক বিষয়াদি নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মধ্যবর্তী স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করলে আমার কোন আপত্তি নেই।”

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন,“কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবির বিষয়টি আজকেই জানলাম। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন,  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”