আরডিএ কে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ননবনিযুক্ত চেয়ারম্যানের
রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক, বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয়ের কথা জানান।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আস্থা ও বিশ্বাস রেখে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। সেই আস্থার প্রতিদান দিতে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।
আবুল কালাম আজাদ সুইট বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। পূর্বসূরিদের গৃহীত পরিকল্পনা ও সিনিয়র নেতৃবৃন্দের প্রণীত মাস্টারপ্ল্যানের ধারাবাহিকতায় রাজশাহীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নগরীর সার্বিক উন্নয়ন আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
নগরবাসীর জীবনমান উন্নয়নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাজশাহীকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে মানুষ স্বস্তিতে বসবাস করতে পারে এবং একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীর সুবিধা ভোগ করতে পারে।
তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ড ও সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। নাগরিকরা যেন সহজে সেবা পান এবং উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ভোগ করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, আরডিএকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। অতীতে সংঘটিত যেকোনো অনিয়ম বা দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা জানানোর জন্য তিনি সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান।
এর আগে আনুষ্ঠানিকভাবে নথিতে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণ করেন আবুল কালাম আজাদ সুইট। এ উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং আরডিএ কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।