প্রকাশকাল: ১৮ জুন ২০২৬
ডাউনলোড: ১৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ঈদগাহ মাঠের ঢালাইয়ে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করে প্রতিবাদ এলাকাবাসীর

নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার বারহাট্টা উপজেলার ডেমুরা গ্রামে এলজিইডির (এলজিইডি) আওতাধীন একটি ঈদগাহ মাঠের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজে নির্ধারিত পরিমাণের তুলনায় কম সিমেন্ট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এনে কাজ বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, ডেমুরা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠের উন্নয়ন ও টেকসই অবকাঠামো নির্মাণের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ গোলাম।

স্থানীয়দের অভিযোগ, ঈদগাহ মাঠের ঢালাই কাজে সিডিউল অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ সিমেন্ট ব্যবহার না করে অতিরিক্ত বালু ও খোয়া মিশিয়ে নিম্নমানের কাজ করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী কাজের মান নিয়ে প্রশ্ন তুলে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ধর্মীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট এ স্থাপনার নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। তারা অভিযোগ করেন, ঢালাইয়ে সিমেন্টের পরিমাণ কম হওয়ায় নির্মাণকাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় যুবসমাজ, মুসল্লি ও সচেতন নাগরিকরা নির্মাণকাজের গুণগত মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, প্রকল্পের সিডিউল অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করে কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা নিম্নমানের কাজের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।