প্রকাশকাল: ১৯ জুন ২০২৬
ডাউনলোড: ১৯ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

অবহেলায় হারাচ্ছে নিকলী কলেজ মাঠের ঐতিহ্য, সংস্কারের দাবি স্থানীয়দের

আল-আমিন হাসান

কিশোরগঞ্জের নিকলী উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ কলেজ মাঠ দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। একসময় খেলাধুলা, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাবেশের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাঠটি বর্তমানে কর্দমাক্ত পরিবেশ ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে হারাচ্ছে তার ঐতিহ্য ও সৌন্দর্য।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিকলী কলেজ মাঠ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ নয়; এটি উপজেলার ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু। অতীতে দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান খেলোয়াড়রা এ মাঠে খেলেছেন। পাশাপাশি জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী সাঁতারুরাও শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত এ মাঠে অনুশীলন করেছেন।

খেলাধুলার পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক সমাবেশ এবং সামাজিক আয়োজনের গুরুত্বপূর্ণ স্থান হিসেবেও মাঠটির ব্যাপক পরিচিতি রয়েছে। ফলে মাঠটি নিকলীর মানুষের আবেগ, স্মৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে।

তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার ও পরিচর্যার অভাবে মাঠটির বর্তমান অবস্থা বেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই মাঠজুড়ে জলাবদ্ধতা ও কাদা সৃষ্টি হয়। এতে নিয়মিত খেলাধুলা ব্যাহত হওয়ার পাশাপাশি মাঠের পরিবেশও দিন দিন নষ্ট হচ্ছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন নাগরিকদের দাবি, মাঠটিকে স্থায়ীভাবে রক্ষা করতে হলে আপাতত সব ধরনের খেলাধুলা ও ভারী কার্যক্রম বন্ধ রেখে পরিকল্পিতভাবে ঘাস রোপণ, মাটি সমতলকরণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিতে হবে। তাদের মতে, কয়েক মাসের সঠিক পরিচর্যার মাধ্যমে মাঠটিকে আবারও খেলার উপযোগী ও দৃষ্টিনন্দন পরিবেশে ফিরিয়ে আনা সম্ভব।

স্থানীয় এক ক্রীড়াপ্রেমী বলেন, “নিকলী কলেজ মাঠ আমাদের গর্ব ও ঐতিহ্যের প্রতীক। মাঠটির বর্তমান অবস্থা অত্যন্ত হতাশাজনক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাঠটি সংরক্ষণ করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিকলীর ঐতিহ্যবাহী এই মাঠ আবারও ফিরে পাবে তার হারানো প্রাণচাঞ্চল্য ও সৌন্দর্য