প্রকাশকাল: ২০ জুন ২০২৬
ডাউনলোড: ২০ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ইরাকে প্রাণ হারানো মাদারগঞ্জের ২ যুবকের মরদেহ দেশে পৌঁছেছে

আশিকুর রহমান

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবকের মরদেহ ২৬ দিন পর নিজ গ্রামে পৌঁছেছে। শনিবার (২০ জুন) বিকেলে মরদেহ দুটি নিজ নিজ বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকার খলিল মন্ডলের ছেলে মনোহার আলী মন্ডল (৩৫) এবং ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার আলাউদ্দীন মাস্টারের ছেলে বজলুর রহমান

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ মে ইরাকের কুর্দিস্তানে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৃত্যুর ২৬ দিন পর শনিবার বিকেলে তাদের মরদেহ দেশে পৌঁছে গ্রামের বাড়িতে আনা হয়।

শনিবার বিকেল সোয়া ৩টার দিকে দক্ষিণ ঘুঘুমারীতে মনোহার আলী মন্ডলের মরদেহ এবং একই সময়ে কোয়ালিকান্দি এলাকায় বজলুর রহমানের মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে বিকেল সাড়ে ৪টায় বজলুর রহমানের এবং বিকেল সাড়ে ৫টায় মনোহার আলী মন্ডলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয়রা জানান, পরিবারের স্বপ্নপূরণের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন দুই যুবক। কিন্তু জীবিকার সন্ধানে যাওয়া সেই যাত্রা শেষ হয়েছে লাশ হয়ে নিজ বাড়িতে ফেরার মধ্য দিয়ে। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।