সারিয়াকান্দি মাদারগঞ্জ সেতুর দাবিতে মাদারগঞ্জে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিশাল মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে বগুড়ার সারিয়াকান্দি থেকে মাদারগঞ্জ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে মাদারগঞ্জ উপজেলা শহরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের প্রায় দুই হাজার সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারিয়াকান্দি-মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। এতে কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্প খাতের উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি হলেও এখনো প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ না নেওয়ায় স্থানীয়রা হতাশ। তাই অবিলম্বে দ্বিতীয় যমুনা সেতু প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, চরপাকেরদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মজনু ফকির, বালিজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুঞ্জুরুল ইসলাম মুছা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিজুর রহমান সাকু, সাবেক মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, শিক্ষক আব্দুল মোত্তালিব সেলিম, মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার সহ আরও অনেকে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত সারিয়াকান্দি-মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তাদের দাবি, এই সেতু নির্মিত হলে দুই জেলার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।