ঝিনাইগাতী সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টাকে ব্যর্থ করল বিজিবি
শেরপুর জেলার ঝিনাইগাতী সীমান্তে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে সীমান্তের মেইন পিলার ১০৯৭ এর কাছে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সকালের দিকে শেরপুর সীমান্তের মেইন পিলার দিয়ে দুই ব্যক্তি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় বিজিবির টহলদলের তাৎক্ষণিক সতর্ক অবস্থান এবং সীমান্তবর্তী স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে বিজিবি।
৩৯ বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।