প্রকাশকাল: ১২ জুলাই ২০২৬
ডাউনলোড: ১২ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

মাদারগঞ্জে ফুফুর বাড়িতে সিলিং ফ্যান লাগানোর সময় দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাতিজার

আশিকুর রহমান

জামালপুরের মেলান্দহ উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের বরন্ত এলাকায় ফুফুর বাড়িতে সিলিং ফ্যান স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদারগঞ্জ উপজেলার এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল ফকির (বাবু) (২৫) মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের জহুরুল ফকিরের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে রাজমিস্ত্রি ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে নাজমুল তার ফুফুর বাড়িতে একটি সিলিং ফ্যান স্থাপনের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু রায়হান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই জানান, পরিবারের স্বচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে নাজমুল নির্মাণশ্রমিকের কাজ করতেন। হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিং ফ্যান স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ফকিরের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নাজমুলের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি স্ত্রী, তিন বছর বয়সী এক কন্যাসন্তান এবং মাত্র এক মাস বয়সী এক পুত্রসন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। তার স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। সহকর্মী ও এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।