পুলিশের অভিযানে কুখ্যাত নারী মাদক কারবারি অঞ্জনাসহ গ্রেপ্তার ৫ জন
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহন ও সরবরাহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য আসে।
অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানার ধামসোনা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কুখ্যাত নারী মাদক কারবারি অঞ্জনা বেগম (৪৮)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিনে সকাল ৮টা ৫ মিনিট থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— সিরাজুল ইসলাম (৩৭), সাহাব উদ্দিন (৫২), রফিক (৫৫) ও ইসমাইল (৪২)। তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার অঞ্জনা বেগমের বিরুদ্ধে তিনটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এছাড়া সিরাজুল ইসলামের বিরুদ্ধে একটি এবং সাহাব উদ্দিনের বিরুদ্ধে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় মাদক ব্যবসায়ী, পরিবহনকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো মাদক কারবারিই আইনের হাত থেকে রেহাই পাবে না।
তিনি আরও বলেন, গ্রেপ্তার পাঁচ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।