প্রকাশকাল: ২৬ জুলাই ২০২৬
ডাউনলোড: ২৬ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

এম. ইউসুফ মাহমুদ

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন ঐতিহাসিক টাইগারপাস চত্বরে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমান।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের উপদেষ্টা নুরুল আবছার তৌহিদ। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ফৌজুল আজাদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফীন।

এ সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার তৌহিদ বলেন, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর যথাযথ তদন্ত ছাড়াই একজন সাংবাদিককে গ্রেপ্তার করা স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার জন্য নেতিবাচক বার্তা বহন করে।

প্রধান বক্তা সোহাগ আরেফীন বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশাসনিক অনিয়ম ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ নিয়ে তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক হাফিজুর রহমান শফিককে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি অভিযোগ করেন, গ্রেপ্তারের সময় পুলিশি হেফাজতে সাংবাদিককে অপমান ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে।

সভাপতির বক্তব্যে শিব্বির আহমেদ ওসমান বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য নিয়ে আপত্তি থাকলে আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত ছিল। তদন্তের আগেই একজন সাংবাদিককে গ্রেপ্তার করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই এই মামলা করা হয়েছে। অবিলম্বে হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি না দিলে দেশব্যাপী বৃহত্তর সাংবাদিক আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সম্পাদক, গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।