প্রকাশকাল: ৩১ জুলাই ২০২৬
ডাউনলোড: ৩১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

হজযাত্রীদের প্রস্তুতিতে TOUR HUB BD–এর বাস্তবভিত্তিক সেমিনার অনুষ্ঠিত

মির্জা নাদিম

হজযাত্রীদের সঠিক দিকনির্দেশনা, সচেতনতা বৃদ্ধি এবং সুন্নাহসম্মতভাবে হজ পালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে TOUR HUB BD – Hajj Kafela-এর উদ্যোগে ‘হজ যাত্রার বাস্তবতা, সতর্কতা ও সচেতনতা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের হোটেল হাই গার্ডেনে অনুষ্ঠিত এ সেমিনারে হজ পালনে আগ্রহী শতাধিক ব্যক্তি, নিবন্ধিত হজযাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্যুর হাব বিডির শরিয়াহ কনসালট্যান্ট শায়খ সাইফুদ্দিন বেলাল আল-মাদানী। তিনি বলেন, হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সঠিকভাবে আদায়ের জন্য পূর্বপ্রস্তুতি ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় হজের ইতিহাস, গুরুত্ব, সাধারণ ভুল-ত্রুটি, মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি, বিশ্বস্ত হজ এজেন্সি নির্বাচন এবং সৌদি আরবে অবস্থানকালীন বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল ট্যুর হাব বিডির মাধ্যমে পূর্বে হজ পালনকারী হাজিদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। তারা পবিত্র হজ পালনের বাস্তব অভিজ্ঞতা, শিক্ষা ও অনুভূতি তুলে ধরেন, যা নতুন হজযাত্রীদের জন্য সহায়ক ও অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে।

অনুষ্ঠানে ট্যুর হাব বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান মাহমুদ বলেন, “আমাদের লক্ষ্য শুধু হজের প্যাকেজ প্রদান নয়; বরং বিশুদ্ধ জ্ঞান, সঠিক প্রস্তুতি ও সুন্নাহসম্মত দিকনির্দেশনার মাধ্যমে হজযাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা। ভবিষ্যতেও এ ধরনের সেমিনার, প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি জানান, ২০১৬ সাল থেকে ট্যুর হাব বিডি সফলভাবে হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছে। ২০২৬ সালে প্রতিষ্ঠানটির মাধ্যমে ১০৯ জন হজ পালন করেছেন। আগামী মৌসুমে তিনটি পৃথক প্যাকেজের মাধ্যমে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে এবং প্রতিটি কাফেলায় অভিজ্ঞ মোয়াল্লেমের মাধ্যমে সার্বক্ষণিক দিকনির্দেশনা ও সহযোগিতা নিশ্চিত করা হবে।

সেমিনারে প্রশ্নোত্তর পর্ব ও হজ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন হজ সম্পর্কে তাদের ভুল ধারণা দূর করেছে এবং সঠিক প্রস্তুতি গ্রহণ ও বিশ্বস্ত নিবন্ধিত হজ এজেন্সি নির্বাচনে বাস্তব ধারণা দিয়েছে।

বিশেষ দোয়ার মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়। দোয়ায় সকল হজযাত্রীর মাকবুল হজ, নিরাপদ সফর, সুস্বাস্থ্য এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও ঐক্য কামনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।