প্রকাশকাল: ১০ আগস্ট ২০২৬
ডাউনলোড: ১২ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

রাজশাহী রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আবু কাওসার মাখন

রাজশাহী রেঞ্জ পুলিশের জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। এতে রাজশাহী রেঞ্জাধীন বিভিন্ন জেলা ও ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই মাসের অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্‌ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

তিনি অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় গত জুন ও জুলাই মাসে বিশেষ কার্যক্রমের মাধ্যমে মামলা রহস্য উদ্‌ঘাটন, মাদকদ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি।

সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ রাজশাহী, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ, রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।