প্রকাশকাল: ১৩ আগস্ট ২০২৬
ডাউনলোড: ১৩ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসনে পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

মুহিবুল হাসান রাফি

নগরের হাসপাতাল এলাকায় তীব্র যানজট ও পার্কিং সংকট নিরসনে সিডিএর ধারাবাহিক পরিদর্শনের পর হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পার্কিং সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষিত নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, হাসপাতালের সামনের অংশ যান চলাচলের উপযোগী রাখা এবং বিকল্প পার্কিং ব্যবস্থা তৈরির বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

সিএসসিআর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পার্কিংয়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় প্রশিক্ষিত নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি করা হবে। পার্কিং সুবিধা সম্প্রসারণে মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনা করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থানে বহুতল পার্কিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডক্টরস হাসপাতাল সিডিএর কাছে অঙ্গীকারনামা দিয়ে জানিয়েছে, আগামী অক্টোবরের মধ্যে হাসপাতালের কার্যক্রম নির্ধারিত নতুন স্থানে স্থানান্তর করা হবে। স্থানান্তরের আগ পর্যন্ত রোগীদের জন্য পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা হবে। পার্কভিউ হাসপাতাল ইতোমধ্যে একটি পূর্ণ ফ্লোর পার্কিংয়ের জন্য উন্মুক্ত করেছে। এছাড়া ড্রপিং বে বাড়ানো, যান চলাচল ব্যবস্থাপনায় পরিবর্তন আনা এবং ডিজিটাল সাইনবোর্ডের মাধ্যমে খালি পার্কিংয়ের সংখ্যা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইবনে সিনা হাসপাতাল পার্কিংয়ের সংখ্যা বাড়ানো, পার্কিং এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী স্থানে অতিরিক্ত পার্কিং ব্যবস্থা এবং হালিশহরে অনুমোদিত স্থানে হাসপাতাল স্থানান্তরের উদ্যোগও চলছে। বিদ্যমান ভবন রিশেইপ করে ব্যবহারযোগ্য করার বিষয়ে এক মাসের মধ্যে স্থপতিদের সমন্বয়ে পরিকল্পনা সিডিএর কাছে উপস্থাপন করা হবে।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “আমাদের অভিযানের পর বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ পার্কিং সুবিধা বৃদ্ধি ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে পরিকল্পনা নিয়ে এসেছে। ইতোমধ্যে অনেক হাসপাতাল কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে, ফলে কিছুটা স্বস্তি এসেছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনতে ব্যর্থ হলে সিডিএ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “হাসপাতালকেন্দ্রিক যানজট একটি সমন্বিত সমস্যা। এর স্থায়ী সমাধানে মাননীয় মেয়র, জেলা প্রশাসক, ট্রাফিক কমিশনার, জেলা স্বাস্থ্য পরিচালক ও হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিত বৈঠক করে কার্যকর কর্মপন্থা নির্ধারণ করা হবে।”