প্রকাশকাল: ২১ আগস্ট ২০২৬
ডাউনলোড: ২১ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ ও কেক কাটায় সিএমআরইউ’র ১ম বর্ষপূর্তি উদযাপন

মুহিবুল হাসান রাফি

মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (সিএমআরইউ)।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নগরীর পাঁচলাইশ এলাকার কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রথম বর্ষপূর্তির বিশেষ আয়োজন হিসেবে ‘স্ক্রল থেকে স্টোরি—মাল্টিমিডিয়া সাংবাদিকতায় যত্ন ও নতুনত্ব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে সংবাদ সংগ্রহ ও তথ্য যাচাই, সৃজনশীল স্টোরিটেলিং, ভিডিও ও ফটোগ্রাফি, লেখার কৌশল এবং সাংবাদিকতায় প্রযুক্তির কার্যকর ব্যবহারসহ মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজন কমিটির আহ্বায়ক নুরনবী শাওনের সভাপতিত্বে এবং চ্যানেল টোয়েন্টিফোরের মাল্টিমিডিয়া রিপোর্টার জুলকার নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজিব নন্দী।

বিশেষ অতিথি ছিলেন গবেষক ও লেখক ড. নাজমুন নাহার, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান ইমি এবং প্রথম আলোর স্টাফ রিপোর্টার মো. ফাহিম।

অনুষ্ঠানে সিএমআরইউ সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার আবির আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, ডিজিটাল সাংবাদিকতার দ্রুত পরিবর্তনশীল সময়ে একজন মাল্টিমিডিয়া সাংবাদিককে একই সঙ্গে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ভিডিও ধারণ, ছবি তোলা, লেখা ও সৃজনশীল উপস্থাপনায় দক্ষ হতে হবে। প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, দ্রুতগতির ডিজিটাল সাংবাদিকতায় শুধু তথ্য প্রকাশ করাই যথেষ্ট নয়; বরং পাঠক ও দর্শকের কাছে নির্ভরযোগ্য তথ্য আকর্ষণীয় ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করাই একজন দক্ষ মাল্টিমিডিয়া সাংবাদিকের বড় চ্যালেঞ্জ। প্রযুক্তির সঠিক ও সর্বোত্তম ব্যবহার ভবিষ্যতের সাংবাদিকতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সিএমআরইউ’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী দিনে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।