তৃণমূল থেকে ফুটবল প্রতিভা খুঁজতে শ্রীবরদীর ভেলুয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রীতি ম্যাচ
দেশে নতুন ফুটবল প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের দল গঠনের লক্ষ্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয়, ভেলুয়া এম. কে. আলিম মাদ্রাসা এবং ভেলুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত তিনটি দল।
আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে ভেলুয়া ইউনিয়নের একটি শক্তিশালী ফুটবল দল গঠন করা। নির্বাচিত দলটি পরবর্তীতে উপজেলা পর্যায়ে ভেলুয়া ইউনিয়নের প্রতিনিধিত্ব করবে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।
খেলা শেষে ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং উপজেলা পর্যায়ে খেলার জন্য মনোনীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হক, ভেলুয়া এম. কে. আলিম মাদ্রাসার প্রধান মোঃ এমদাদুল হক এবং ভেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান। এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অংশগ্রহণকারী তিন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।