মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে নুরনবী (৪৬) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে মাদারগঞ্জ পৌর এলাকার জুনাইল বাজারে নিজ ওয়ার্কশপে স্টিল কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরনবী মাদারগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জুনাইল পক্ষীমারি ফকিরবাড়ী এলাকার মতি ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরনবী দীর্ঘদিন ধরে জুনাইল বাজারে ওয়ার্কশপের ব্যবসা করে আসছিলেন। সোমবার বিকেলে তিনি দোকানে স্টিল কাটার কাজ করছিলেন। এ সময় কেমিক্যালের একটি ড্রামে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ওয়ার্কশপের টিনের চালসহ বিভিন্ন অংশে আগুন ধরে যায়। এতে নুরনবী গুরুতর দগ্ধ ও আহত হন।
নিহতের মামা বলেন, “স্টিল কাটার সময় হঠাৎ কেমিক্যালের ড্রামটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর টিনের চালসহ তিনি পুড়ে যান। পরে দোকানের একটি অংশ তার ওপর পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়। জামালপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”
পরে নুরনবীর মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখতে আশপাশের এলাকার শত শত মানুষ নিহতের বাড়িতে ভিড় করেন।
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায়ের নির্দেশনায় এসআই ওয়াজিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
ঘটনার প্রকৃত কারণ ও কেমিক্যালের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানা গেছে।