প্রকাশকাল: ৪ সেপ্টেম্বর ২০২৬
ডাউনলোড: ৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

মোঃ কাজল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে নাইনুল ইসলাম নামের এক কসাইকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শেষ বিকেলে উপজেলার সোনাহাট কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জরিমানাপ্রাপ্ত নাইনুল ইসলাম উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে পশুসম্পদ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই একটি মৃত গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন নাইনুল ইসলাম। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, পশুসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, ভূরুঙ্গামারী থানা-পুলিশ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে ভুরুঙ্গামারী উপজেলায় এর আগেও একই ঘটনা ঘটেছে। গত বছরেও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তবে সে সময় কসাইকে জরিমানার বদলে মাংস বিক্রি বন্ধ করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর নির্যাতন করছিলেন মোজাম্মেল ও সাইফুল নামে দুই কসাই। যার মামলা আদালতে চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মৃত গরুর মাংস মানুষের খাদ্য হিসেবে বিক্রির ঘটনা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।