প্রকাশকাল: ৪ সেপ্টেম্বর ২০২৬
ডাউনলোড: ৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

চট্টগ্রামে ‘সেইভ আওয়ার উইমেন’-এর মাসিক সভা অনুষ্ঠিত: নারী নিরাপত্তা ও অধিকার রক্ষার অঙ্গীকার

মুহিবুল হাসান রাফি

পথে-ঘাটে, কর্মক্ষেত্রে নারীরা থাকবে নিরাপদে এই প্রত্যয়কে সামনে রেখে নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশন।

সংগঠনটির দুই বছর পূর্তি উপলক্ষে শুক্রবার, ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর চকবাজার থানার পাশের চট্টগ্রাম কমার্স একাডেমির চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়েছে সেপ্টেম্বর মাসের মাসিক সাধারণ সভা। এতে প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। নাজেহা আফরিন মায়া’র সঞ্চালনায় এবং সাদিয়া ইসলামের সভাপতিত্বে সকলের পরিচয় পর্বের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সভায় সেপ্টেম্বর মাসের কার্যপরিকল্পনা এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে স্বেচ্ছাসেবকদের সংগঠনের নিয়মনীতি ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্কুল প্রজেক্ট ও স্টিকার প্রজেক্ট বাস্তবায়ন এবং আসন্ন দুটি সেশন সফলভাবে সম্পন্ন করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় সংহতি প্রকাশ করে রাহাত হাসান বলেন, মাঠপর্যায়ে কাজ করার আগে প্রত্যেক স্বেচ্ছাসেবকের নিজ সংগঠনের নিয়মনীতি ও দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। সময়ানুবর্তিতা, পারস্পরিক বন্ধন ও দলগত সমন্বয় আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শুধু সভা-আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, মানুষের কাছে পৌঁছাতে হবে, সচেতনতা তৈরি করতে হবে এবং বাস্তব পরিবর্তনের জন্য মাঠে কাজ করতে হবে। নারীর নিরাপত্তা কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের একক দায়িত্ব নয় এটি সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব।নারী নিরাপদ থাকলেই সমাজ সত্যিকার অর্থে এগিয়ে যাবে। আমরা একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এগিয়ে চলেছি।

সভায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ ও উপস্থিতির জন্য তাদের প্রশংসা করা হয়। ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় সেপ্টেম্বর মাসের এই মাসিক সাধারণ সভা।