প্রকাশকাল: ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাউনলোড: ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

মোহনগঞ্জে গরু পেঁপে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোণার মোহনগঞ্জে গরু পেঁপে গাছ খাওয়া ও কাটাকাটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত মো. তোতা আলী (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তোতা আলী মোহনগঞ্জ উপজেলার ৫ নম্বর সমাজ সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত আসজ্জামানের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে কমলপুর গ্রামে গরু পেঁপে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত সাদত আলীর ছেলে রবি মিয়ার সঙ্গে তোতা আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় রবি মিয়া বাঁশের লাঠি দিয়ে তোতা আলীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

তোতা আলীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।