কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে চাকরি ও যুব উদ্যোগ মেলা-২০২৬। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে।
মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলায় ২১টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। চাকরিপ্রত্যাশীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) ও ছবি নিয়ে সরাসরি মেলায় এসে চাকরির জন্য আবেদন করার সুযোগ রাখা হয়।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিল কিশোরগঞ্জ জেলা প্রশাসন। অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক উপস্থিত ছিলেন।
মেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোস্তাকিম হাসান, আব্দুল্লাহ আল মোজাহিদ ও মুফতী কাওসার আহমেদ আজাদীসহ আরও অনেকে। তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং চাকরি ও যুব উদ্যোগসংক্রান্ত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
আয়োজনে ইউএনডিপি বাংলাদেশসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা রয়েছে। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে সেভ দ্য চিলড্রেন।
আয়োজকদের মতে, তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে সরাসরি যোগাযোগ এবং যুব উদ্যোক্তাদের উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।