পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

চুরি যাওয়া ম্যাকবুক ও ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক!

আবু কাওসার মাখন
আবু কাওসার মাখন , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। তাঁর দাবি, ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা রয়েছে। মালামাল উদ্ধারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রিল ল্যান্ডার বলেন, “কাজটি কঠিন, তবে আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।” তিনি জানান, পুলিশ কর্মকর্তারাও তাঁর জিনিসপত্র উদ্ধারে আন্তরিকভাবে কাজ করছেন।

পুলিশ ও ওই পর্যটকের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার নাটোর রেলস্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামকক্ষে অবস্থানকালে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যান ক্রিল ল্যান্ডার। এ সময় নিজের ব্যাগসহ জিনিসপত্র এক ব্যক্তির কাছে রেখে যান। ওই ব্যক্তি নিজেকে ট্রেনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে জানান তিনি।

এটিএম থেকে টাকা তুলে ফিরে এসে ক্রিল ল্যান্ডার দেখতে পান, ওই ব্যক্তি ও তাঁর জিনিসপত্র সেখানে নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, যাঁর কাছে তিনি মালামাল রেখে গিয়েছিলেন, তিনি রেলওয়ের কর্মকর্তা নন। ব্যাগে একটি ম্যাকবুক ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র ছিল। এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

এরপর পুলিশ ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, প্রথমে ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় শনাক্ত হয়। পরে বুধবার রাত ১১টার দিকে ক্রিল ল্যান্ডার রাজশাহীতে এলে ল্যাপটপটির অবস্থান মহিলা কলেজের আশপাশে দেখা যায়।

ওসি জানান, এরপর রেলওয়ে পুলিশ, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‍্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, মেস মালিক ও কেয়ারটেকারদেরও বিষয়টি জানানো হয়। তবে ল্যাপটপে কোনো সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ল্যাপটপটি বিক্রি করে দেওয়ার আশঙ্কায় রাজশাহীর ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে। এর আগে বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়। ওই সময় তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেন সেখানে থাকার কথা ছিল। পরে রেলওয়ে পুলিশ ট্রেন দুটিতে তল্লাশি চালালেও ল্যাপটপ বা ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি।

ক্রিল ল্যান্ডার বলেন, “সর্বশেষ পরিস্থিতি খুব একটা ভালো নয়। গত কয়েক ঘণ্টা ধরে আমরা নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত করতে পারিনি। তবে আশা করছি, আমরা আমার জিনিসপত্রের অবস্থান খুঁজে পাব।” তাঁর পাসপোর্ট ও মুঠোফোন তাঁর কাছেই রয়েছে জানিয়ে তিনি বলেন, ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা রয়েছে। বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর। এ ঘটনায় পুলিশ তাঁকে যথেষ্ট সহযোগিতা করছে বলেও জানান তিনি।

ওসি হাফিজুর রহমান বলেন, “এখনো আমাদের চেষ্টা অব্যাহত আছে। সঠিক লোকেশন পাওয়া গেলে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে। বিদেশি পর্যটক আমাদের মেহমান। তাঁর জিনিসপত্র যাতে দ্রুত ফিরিয়ে দেওয়া যায়, সে জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।”

পুলিশ জানায়, আরএমপি, ডিবি, র‍্যাব, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি পাওয়া গেছে এবং তা বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে।

ক্রিল ল্যান্ডারের ভাষ্য অনুযায়ী, বগুড়া ঘুরে সান্তাহার থেকে ট্রেনে দর্শনার উদ্দেশে যাওয়ার সময় ভুল করে নাটোরে নেমে পড়েন তিনি। পরে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই যুবকের কাছে নিজের জিনিসপত্র রেখে এটিএম থেকে টাকা তুলতে গেলে তিনি ফিরে এসে দেখতে পান, যুবকটি তাঁর ব্যাগ নিয়ে চলে গেছেন।