লক্ষ্মীপুরের রায়পুরে চার্জে দিয়ে গেম খেলার সময় মোবাইল বিস্ফোরণ, দুই যুবক আহত
লক্ষ্মীপুরের রায়পুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে অনলাইন গেম খেলার সময় বিস্ফোরণের ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দৃষ্টিশক্তি রক্ষা করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে একটি দোকানে এ ঘটনা ঘটে। আহত অপর যুবকের নাম শাকিল (২০)। তাঁরা দুজনই ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় রুবেল ও শাকিল দোকানে বসে চার্জে লাগানো মুঠোফোনে অনলাইন গেম খেলছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে মুঠোফোনের ডিসপ্লে ও ব্যাটারির ভাঙা অংশ রুবেলের মুখমণ্ডল ও চোখে আঘাত করে। এতে পাশে থাকা শাকিলও আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁর চোখের ভেতরের অংশে গুরুতর ক্ষতি হয়েছে। অন্যদিকে, শাকিলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোনাপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুম জানান, চার্জে থাকা অবস্থায় মুঠোফোনে গেম খেলার সময় এমন দুর্ঘটনা ঘটায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শনের জন্য দল পাঠিয়েছে। প্রাথমিকভাবে মুঠোফোনের অতিরিক্ত তাপের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।