গারো পাহাড়ে চোরাচালানিদের দৌরাত্ম্য, ৫ লাখ ৫৮ হাজার টাকার মালামাল আটক করল বিজিবি
শেরপুরের গারো পাহাড় সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে, মদ ও মোবাইল ফোন আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৩ নভেম্বর শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন গারো পাহাড়ের রাজাপাহাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহল দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে আটক করা হয়। যার সিজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা।
এছাড়াও ২২ নভেম্বর দিবাগত মধ্যরাতে জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্তের গারোকোনা লেবু বাগান নামক স্থানে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় মদ ও মোবাইল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও মোবাইল ফোন আটক করা হয়, যার সিজার মূল্য ৭২ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।