আশুলিয়ায় গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে ইলেকট্রিশিয়ান গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে মো. আব্দুর রহমান ওরফে কামরুল (৩৪) নামের এক ইলেকট্রিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাইয়েদুল ইসলাম। এর আগে বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আব্দুর রহমান ওরফে কামরুল সিরাজগঞ্জের সদর থানার নতুন ভাঙ্গাবাড়ী এলাকার মো. শামসুল আলমের ছেলে এবং তিনি আশুলিয়ার গোরাট এলাকায় ভাড়া থাকতেন। একসময় তিনি আশুলিয়ার বগাবাড়ী এলাকার একই বাড়িতে ভুক্তভোগী ৩০ বছর বয়সী ওই গৃহবধূর পাশের কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ওই গৃহবধূ স্বামী-সন্তান নিয়ে সেখানে থাকতেন এবং ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পোশাক কারখানায় চাকরি করেন।
থানায় করা লিখিত অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, একই বাড়িতে থাকার সুবাদে অভিযুক্তের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরিচয়ের সুযোগ নিয়ে অভিযুক্ত বিভিন্ন সময় তাঁর মোবাইল নম্বর চাইতেন এবং একা পেয়ে কুপ্রস্তাব দিতেন; পরে কৌশলে নম্বর সংগ্রহ করে ফোনে অশালীন কথাবার্তা বলতেন। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ২ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বগাবাড়ীর ওই বাড়ির তৃতীয় তলার সিঁড়িতে দেখা হলে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে গৃহবধূকে টেনেহিঁচড়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন কামরুল এবং মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত এরপর থেকে বিভিন্ন সময়ে তাঁকে শারীরিক সম্পর্কে বাধ্য করতেন। সর্বশেষ গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে বাইপাইল এলাকায় দেখা করার কথা বলে নিয়ে গিয়ে নিয়ামত আলীর বাড়ির তৃতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষে ভিডিও মুছে দেওয়ার আশ্বাস দিয়ে আবারও তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সংসার ও সামাজিক সম্মানের কথা ভেবে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও অভিযুক্তের অব্যাহত চাপ ও স্বজনদের কাছে ভিডিও পাঠানোর হুমকিতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী। এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মো. ছাইয়েদুল ইসলাম জানান, গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে কামরুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।