প্রকাশকাল: ১০ জুন ২০২৫
ডাউনলোড: ২৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

অভিনেত্রী তানিন সুবাহ আর নেই

পেজ দ্যা নিউজ ডেস্ক

দেশের ছোটপর্দা ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিন সুবাহ আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই শিল্পী। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তানিন সুবাহর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সহকর্মী ও চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী। জানা গেছে, গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে যান তিনি।

তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে তাকে স্মরণ করছেন।

তানিন সুবাহ ২০১৫ সালে নাট্যনির্মাতা আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। প্রথম নাটকেই তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়ান। এরপর ‘আলাল দুলাল’, ‘সেয়ানা জামাই’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি।

নাটকের পাশাপাশি বড় পর্দাতেও সফলভাবে কাজ করেছেন তানিন সুবাহ। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’ এবং ‘তুই আমার’।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও উপস্থিতির কারণে তিনি অল্প সময়েই দর্শকমনে জায়গা করে নেন। তার হঠাৎ বিদায়ে বিনোদন অঙ্গনে শূন্যতা তৈরি হয়েছে।