প্রতিবেদক- শাহীনুল হক: ঢাকার আশুলিয়ায় এক চিকিৎসকের ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাত (২৭ মার্চ) প্রায় ২টার দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উনাইল গ্রামে ঘটে।
ভুক্তভোগী ডা. কায়েকোবাদ হোসেন রাসেল গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং স্থানীয় বাসিন্দা হাজী মো. আব্বাস উদ্দিনের ছেলে। তিনি ঈদুল ফিতরের ছুটি কাটাতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যদের দাবি, প্রতিদিনের মতো বাড়ির সামনে রাখা তার ঢাকা মেট্রো-গ ৩৭-৩৩০২ নম্বরের ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
অভিযোগ রয়েছে, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য হানিফ মিয়ার নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সময় আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এসে নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী পরিবারের দাবি, এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এর আগে ভুক্তভোগীর নির্মাণাধীন মার্কেট থেকে চুরি এবং অতীতের একটি হামলার ঘটনাতেও একই পক্ষের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫