ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর বিজয়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির মতে, এই বিজয়ের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জয়ী হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রশিবির নির্বাচিত সব প্রতিনিধি, তা তারা যেকোনো প্যানেল কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচিত হন না কেন— সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। একইসঙ্গে বিজয়ীদের দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের আস্থার মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়েছে।
বিজয় উপলক্ষে দিনব্যাপী দুটি কর্মসূচি পালনের সিদ্ধান্ত জানানো হয়েছে। এগুলো হলো—
- শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও নৈশ ইবাদত।
- শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ।
এ ছাড়া, কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র্যালি না করার জন্য সংগঠনটির সব স্তরের শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা আশা করি নির্বাচিত প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর আমানত সঠিকভাবে রক্ষা করবেন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।”

