প্রকাশকাল: ৯ জুন ২০২৬
ডাউনলোড: ৯ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ফেরার ম্যাচেই নায়ক মোসাদ্দেক, মিরপুরে চাপে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

চার বছর পর জাতীয় দলে ফিরে স্মরণীয় এক ইনিংস খেললেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার ক্যারিয়ারসেরা ৮৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য অজিদের সামনে ২৮৫ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে টাইগাররা।

মঙ্গলবার (৯ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক জস ইংলিশ। শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ১০ রানে ৫ রান করে ফিরে যান ওপেনার সাইফ হাসান।

এরপর আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে ইনিংস গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। তামিম ৫৪ রান করে বিদায় নিলেও শান্ত খেলেন ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস। এই পথে তিনি ক্যারিয়ারের ১২তম ওয়ানডে ফিফটির দেখা পান।

তবে শান্তর বিদায়ের পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। লিটন দাস ৭ রান করে ফিরে যান। এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। দুজনে মিলে গুরুত্বপূর্ণ ৭৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন।

হৃদয় ৩১ রান করে আউট হলেও মোসাদ্দেক ছিলেন দুর্দান্ত। চার বছর পর ওয়ানডে দলে ফিরে তিনি খেলেন ক্যারিয়ারসেরা ইনিংস। ৭০ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। তার ইনিংসে ছিল একাধিক দৃষ্টিনন্দন বাউন্ডারি ও কার্যকর স্ট্রোক।

শেষদিকে তাসকিন আহমেদ ১৬ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেললে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই ম্যাথু শর্টকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর মুস্তাফিজুর রহমানের শিকার হন মার্নাস লাবুশেন।

৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৯ রান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়েছে সফরকারীরা।