প্রকাশকাল: ২৮ জুন ২০২৬
ডাউনলোড: ২৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

চলতি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে বাছাইপর্ব খেলতে হয়েছিল বাংলাদেশকে। সেখানে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে মূল আসরে জায়গা করে নেয় টাইগ্রেসরা। এরপর গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের এক আসরে প্রথমবারের মতো দুটি ম্যাচ জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ। এর ফলে গ্রুপ ‘এ’-এর শীর্ষ আট দলের মধ্যে জায়গা নিশ্চিত করে দলটি।

শীর্ষ আটে থাকায় বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছে। স্বাগতিক হওয়ায় পাকিস্তানও মূলপর্বে নিশ্চিত হয়েছে। বাকি একটি দল নির্ধারণ হবে আগামী ৬ জুলাই প্রকাশিতব্য আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বর্তমান অবস্থান অনুযায়ী এ দৌড়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড।

এদিকে, ২০২৭ সালে অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণকারী ছয় দলও নির্ধারিত হবে একই র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচটি দল খেলবে এই টুর্নামেন্টে। বর্তমানে সম্ভাব্য তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।