বিশেষ প্রতিনিধি: শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবি তুলে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) আগামী ১৮ জানুয়ারি ২০২৬, রোববার একটি বিশেষ কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে। “STAND FOR HADI” শীর্ষক এই আয়োজনে ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিটি অনুষ্ঠিত হবে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী) ক্যাম্পাসের একাডেমিক ভবন প্রাঙ্গণে, দুপুর ১২টায়।
টাকসু সূত্রে জানা গেছে, হাদী হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের গভীর শোক, ক্ষোভ ও ন্যায়বিচারের দাবি আরও সংগঠিতভাবে উপস্থাপন করতেই এই শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আয়োজকদের মতে, শিক্ষাঙ্গন নিরাপদ রাখা এবং ন্যায় প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সম্মিলিত অবস্থান এখন সময়ের দাবি।
টাকসু বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, অংশগ্রহণকারীরা যেন নিজ হাতে লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন সঙ্গে নিয়ে কর্মসূচিতে যোগ দেন। তাদের ভাষায়, প্রতিটি প্ল্যাকার্ড হবে শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রতিবাদ ও অনুভূতির প্রতীক।
এক আয়োজক বলেন, “হাদী হত্যার বিচারে অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আয়োজনটিকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্টদের মধ্যে ইতোমধ্যেই আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত থাকার আহ্বানও জানিয়েছেন।
টাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত আয়োজনে সবার উপস্থিতি কাম্য এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ন্যায়বিচারের দাবিকে আরও শক্তিশালী করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

