ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ন্যূনতম দুই হাজার টাকা বাড়িভাড়া বৃদ্ধির পরিকল্পনা শিক্ষকদের জন্য

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা আন্দোলনের প্রেক্ষিতে তাদের বাড়িভাড়া ৫ শতাংশ অথবা ন্যূনতম দুই হাজার টাকা বৃদ্ধির বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্তের পথে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে সবুজ সংকেত পাওয়া গেছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, বাড়িভাড়ার এই বৃদ্ধি কার্যকর করতে সরকারের প্রায় ৯৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে। আগামী অর্থবছরে এ হার আরও বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অর্থ উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে থাকলেও শিক্ষা মন্ত্রণালয় নিয়মিত অর্থ বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছে। মন্ত্রণালয় শুরুতে ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব দিলেও তাতে সাড়া মেলেনি। বর্তমানে ৫ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা বৃদ্ধির প্রস্তাবটি বিবেচনায় রয়েছে।

শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দেশের বার্ষিক বাজেট যখন প্রায় ৮ লাখ কোটি টাকা, তখন ২০ শতাংশ হারে বাড়িভাড়া বাড়ালে ৪ লাখের মতো শিক্ষক-কর্মচারীর জন্য খরচ হবে প্রায় ২৩০০ কোটি টাকা। তাদের মতে, শিক্ষকদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করা রাষ্ট্রের জন্য ইতিবাচক হবে না।

অন্যদিকে, শিক্ষকদের দাবির বিষয়ে বুধবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে, তিন দফা দাবিতে আন্দোলন আরও বেগবান করেছেন শিক্ষক-কর্মচারীরা। বুধবার তারা শাহবাগ মোড় অবরোধ করেন, যার ফলে শাহবাগ, রমনা, এলিফ্যান্ট রোড ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পরে তারা শহীদ মিনার এলাকায় ফিরে গিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন,আমাদের দাবি মেনে না নিলে আমরা বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করব। প্রশাসনের কাছে আমাদের আহ্বান, আমরা সহযোগিতা করেছি—আপনারাও সহযোগিতা করুন।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন,শিক্ষকদের দাবির বিষয়ে মন্ত্রণালয় আন্তরিক। তবে বাড়িভাড়া কত হারে বাড়ানো হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

উল্লেখ্য, গত চার দিন ধরে বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাব, শহীদ মিনার ও হাইকোর্ট এলাকায় ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।