নিজস্ব প্রতিনিধি: টঙ্গীতে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে রাজপথে নেমেছে কয়েক শত বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে ‘ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র-জনতা’-র ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রধান ফটক থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি টঙ্গী সরকারি কলেজ গেট এলাকা ঘুরে এশিয়া পাম্প সংলগ্ন স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এতে সাধারণ মুসল্লি ও সর্বস্তরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা লাবিব মুয়ান্নাদ, সাবেক ছাত্রনেতা আফিফ হাসান ইয়াকুব, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের এজিএস মঈনুল ইসলাম এবং মুর্তুজা হাসান ফুয়াদ।
এ সময় বক্তারা বলেন, “শহীদ হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তার আত্মত্যাগ এ জাতিকে নতুন করে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা দিয়েছে।”
তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি যেকোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি জানান, তরুণ প্রজন্মের মাঝে সুস্থ মনন ও আদর্শিক চেতনা বিকাশে এই কেন্দ্রটি কাজ করবে।
সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও বক্তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খুনিদের বিচারে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

