পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বউ পেটানোর শীর্ষে বরিশাল বিভাগ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, ০১:২২ এএম

বাংলাদেশে নারীদের প্রতি ঘরোয়া সহিংসতা আশঙ্কাজনক হারে বাড়ছে। ঘর, যা হওয়া উচিত ছিল নিরাপত্তা ও ভালোবাসার আশ্রয়স্থল, তা অনেক নারীর জন্য পরিণত হয়েছে নীরব এক নির্যাতনকেন্দ্রে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর যৌথ জরিপে উঠে এসেছে নারীর প্রতি সহিংসতার একটি মর্মান্তিক চিত্র।

২০২৪ সালের ওই জরিপ অনুযায়ী, জীবনের কোনো না কোনো সময় অন্তত ৭০ শতাংশ নারী স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা শারীরিক, মানসিক, যৌন বা আর্থিক সহিংসতার শিকার হয়েছেন। শুধু গত এক বছরেই নির্যাতনের শিকার হয়েছেন ৪১ শতাংশ নারী।

সবচেয়ে বিপজ্জনক চিত্র দেখা গেছে বরিশাল ও খুলনা বিভাগে। বরিশালে ৮২ শতাংশ এবং খুলনায় ৮১ শতাংশ নারী পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন, যা দেশের মধ্যে সর্বোচ্চ। চট্টগ্রাম (৭৬%), ময়মনসিংহ (৭৫%), রাজশাহী (৭৫%) ও রংপুর (৭৪%) বিভাগেও পরিস্থিতি উদ্বেগজনক। এমনকি তুলনামূলকভাবে সহিংসতার হার কম বলে বিবেচিত সিলেট (৭৩%) ও ঢাকা (৭৩%) বিভাগেও নারী নির্যাতনের হার কমেনি।

এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, বাংলাদেশের প্রতিটি বিভাগেই নারীরা নির্যাতনের ঝুঁকিতে রয়েছেন। জাতিসংঘের সংজ্ঞা সম্প্রসারণ করে দেশের সামাজিক বাস্তবতা বিবেচনায় নিলে দেখা যায়, জীবদ্দশায় ৭৬ শতাংশ নারী এবং গত বছরে ৪৯ শতাংশ নারী পারিবারিক সহিংসতার শিকার।

জরিপে আরও উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ দিক—প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় সহিংসতার হার তুলনামূলকভাবে বেশি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নারীকে লড়তে হয় দারিদ্র্য, বাস্তুচ্যুতি এবং গৃহস্থালির পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধেও।