পর্ণগ্রাফি দেখা ও মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণের আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে এটি এখন সময়ের দাবি।
বৃহস্পতিবার (০৩জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমি গত ৪০ বছর ধরে নারী ও শিশু নির্যাতন নিয়ে কাজ করছি। সরকার বদলেছে, কিন্তু এই সমস্যার মূলে হাত দিতে পারেনি কেউ। এর পেছনে রাজনীতি, মাদক এবং তরুণদের সঠিকভাবে গড়ে না তোলার ব্যর্থতা কাজ করছে।”
তিনি আরও বলেন, বর্তমানে মোবাইল ও পর্ণোগ্রাফি শিশুদের মানসিক বিকৃতির অন্যতম উৎস হয়ে উঠছে। সম্প্রতি একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি জানান, “মাত্র ১০ বছরের একটি ছেলে আড়াই বছরের শিশুকে ভয়ংকরভাবে নির্যাতন করেছে। সে নিজেই বোঝে না, কী করছে। সে যা দেখে, তাই নকল করে।”
এ অবস্থায় কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “ইউনিয়ন পর্যায়ে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে, যারা শিশু ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে।”
উপদেষ্টা আরও জোর দিয়ে বলেন, “আমরা যদি এখনই ব্যবস্থা না নেই, তাহলে পরবর্তী প্রজন্মকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।”

