ছাত্রসমাবেশে অংশ নিতে বিশেষ ট্রেন ভাড়া করল ছাত্রদল
আগামী ৩ আগস্ট রাজধানীর শাহবাগে ছাত্রসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ উপলক্ষে চট্টগ্রাম থেকে ছাত্রদের নিয়ে আসতে একটি বিশেষ ট্রেন চালানোর অনুমতি পেয়েছে সংগঠনটি।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক কার্যালয় থেকে পাঠানো এক জরুরি নির্দেশনায় জানানো হয়, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে ২০ কোচবিশিষ্ট একটি পিএইচটি টাইপের স্পেশাল ট্রেন চালানো হবে। এতে মোট আসন সংখ্যা থাকবে ১,১২৬টি।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আবার সমাবেশ শেষে ট্রেনটি ওই দিন সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে রওনা দিয়ে ৪ আগস্ট রাত ১টায় চট্টগ্রাম পৌঁছাবে।
বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের বিভিন্ন বিভাগকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রেনের রেক গঠন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুত রাখা এবং নিরাপত্তা নিশ্চিতে আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) মোতায়েন।
এছাড়া নির্ধারিত নিয়ম অনুযায়ী ভাড়া ও অন্যান্য চার্জ আদায়ের জন্য বাণিজ্যিক কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
