যশোরে ভাবির কোপে দেবরের গোপন অঙ্গ বিচ্ছিন্ন
যশোরের শার্শা উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১টার দিকে কায়বা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, সফুরা খাতুন নামের এক নারীকে তার দেবর মফিজুল ইসলাম (৪৫) ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষায় তিনি হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মফিজুলের পুরুষাঙ্গে আঘাত করেন। এতে গুরুতর জখম হলে মফিজুল পালিয়ে গিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। পরে তার ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়।
ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, মফিজুল ও তার ভাবির মধ্যে আগে থেকেই অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল এবং এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। তবুও আবার এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করলে ছয় দিন পর সোমবার (১৮ আগস্ট) রাতে মফিজুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, মফিজুলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
