নরসিংদী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের জুটশিল্প কার্যত ধ্বংসের পথে।
শনিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর বটতলা গ্রামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জুটমিলগুলোতে কর্মঘণ্টা নির্ধারণসহ উৎপাদন বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকার গত এক যুগেরও বেশি সময় ধরে পরিকল্পিতভাবে এই শিল্প ধ্বংস করেছে।”

তিনি আরও বলেন, “নরসিংদীর ঐতিহ্যবাহী ঘোড়াশাল ও ফৌজি জুটমিল আজ সম্পূর্ণরূপে বন্ধ। হাজারো শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। শুধু মিল বন্ধ নয়, বহু শ্রমিককে অন্যায়ভাবে চাকরিচ্যুতও করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা সবুজ মৈশান, শ্রমিকদলের সভাপতি আল-আমিন ভূঁইয়া, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

