ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বুটেক্সে ওয়েট প্রসেস ক্লাবের নতুন যাত্রা

মোঃ তাওকির তাজাম্মুল
এপ্রিল ২০, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি: দীর্ঘ বিরতির পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়-এর ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন “বুটেক্স ওয়েট প্রসেস ক্লাব” পুনরায় যাত্রা শুরু করেছে। রবিবার (১৯ এপ্রিল) আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকেল ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা এবং আইটিইটির অন্তর্বর্তীকালীন আহ্বায়ক এহসানুল করিম কায়সার।

এছাড়া উপস্থিত ছিলেন ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফরহাদ হোসেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ড. ইমানা শাহরীন তানিয়া, উপদেষ্টা মো. সোহাগ বাবুসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিল্পখাতের প্রতিনিধিদের অংশগ্রহণ আয়োজনকে আরও সমৃদ্ধ করে। মন্ডল গ্রুপ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রণব কুন্ডু টেক্সটাইল প্রিন্টিং বিষয়ে উপস্থাপনা দেন। এছাড়া আরএইচ কর্পোরেশন-এর নির্বাহী পরিচালক এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন ডাইং সেক্টরের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন।

বক্তারা বলেন, এ ধরনের ক্লাব শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, গবেষণায় সম্পৃক্ততা এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. জুলহাস উদ্দিন বলেন, “শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ না থেকে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া জরুরি।” তিনি শিক্ষার্থীদের অ্যালামনাই ও পেশাগত নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন।
আইটিইটির আহ্বায়ক এহসানুল করিম কায়সার বলেন, একটি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় কাজের মাধ্যমে দক্ষতা অর্জন এবং শিল্পখাতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন, যা এ ধরনের ক্লাবের মাধ্যমে সহজ হয়।

ক্লাবের উপদেষ্টা মো. সোহাগ বাবু জানান, শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ক্লাবটি পুনরায় চালু করা হয়েছে। নিয়মিত সেমিনার ও প্রযুক্তিভিত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

ক্লাবের সভাপতি উৎস করণ বলেন, শিক্ষার্থীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম দীর্ঘদিনের প্রয়োজন ছিল, যা এখন বাস্তবে রূপ নিয়েছে। সাধারণ সম্পাদক বায়েজিদ আহম্মেদ জানান, ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা ও ক্যারিয়ারমুখী কার্যক্রমে আরও সম্পৃক্ত করা হবে।

অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।