কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: “যুব নেতৃত্বে বহুপক্ষীয় সংলাপ গড়ে উঠুক সামাজিক সম্প্রীতি ও টেকসই শান্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ি অফিসার্স ক্লাবে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উদয়াঅঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশনএইড বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা তাহমিনা আক্তার, ফুলবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ উপজেলার ৬টি ইউনিয়নের ইমাম, পুরোহিত, সাংবাদিক এবং ১১টি যুব সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলেই নিজেদের পরিচয় প্রদান করেন, যা অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি করে। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা তাহমিনা আক্তার যুবদের দক্ষতা উন্নয়ন, বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
সংলাপে ধর্মীয় নেতৃবৃন্দের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়। ইমাম ও পুরোহিতরা নিজ নিজ অবস্থান থেকে সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিভেদ নয়, বরং ঐক্য ও সহনশীলতার মাধ্যমেই টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার তাঁর বক্তব্যে যুবদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, যুব সমাজই পারে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে।
অনুষ্ঠানটি একটি উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে শেষ হয়, যেখানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

