পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
গারো পাহাড়ে হাতিও মানুষের দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ
লিঙ্ক কপি হয়েছে!

রাতে অপহরণ করে মুক্তিপণ দাবি, সকালে মিললো লাশ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

মোহাম্মদ মারুফ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর রাজিব হোসেন (১৪) নামে এক কিশোর অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, এক লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় অপহরণকারীরা তাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।

শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ চর-আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার (১ মে) রাত ৮টার পর থেকে রাজিব নিখোঁজ ছিল।

নিহত রাজিব দক্ষিণ চর-আবাবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফজু স্টেশন এলাকার অটোরিকশা চালক মোস্তফা ড্রাইভারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় রাজিব। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। এদিকে তার ব্যবহৃত অটোরিকশাটি উপজেলার উদমারা এলাকা থেকে উদ্ধার করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর শনিবার দুপুরে স্থানীয়রা ক্যাম্পেরহাট এলাকার একটি বাগানে রাজিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

রাজিবের মামা শাহজাহান মাঝি জানান, একটি অচেনা মোবাইল নম্বর থেকে ফোন করে জানানো হয় রাজিবকে অপহরণ করা হয়েছে এবং তাকে জীবিত ফেরত পেতে এক লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। কিন্তু টাকা দিতে না পারায় অপহরণকারীরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় বলে অভিযোগ করেন তিনি।

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, নিখোঁজের পর রাজিবের অটোরিকশা উদ্ধার করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মুক্তিপণ দাবির বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।