মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ‘শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণে তথ্য স্বাধীনতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে সভায় বক্তারা স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল আজিজ জামালী, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রফিকুল ইসলাম বারী এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি কামাল উদ্দিন।
সভায় বক্তারা অভিযোগ করেন যে, বর্তমান সময়ে গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। তারা বলেন, স্বাধীনভাবে কাজ করার পর্যাপ্ত সুযোগ না থাকায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নানা প্রতিকূলতা তৈরি হচ্ছে। সাংবাদিকরা যেন নির্ভয়ে কাজ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রকার বাধার সম্মুখীন হলে উপজেলা প্রশাসনকে তা দ্রুত অবহিত করতে হবে এবং প্রশাসনকেও তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খান, কোষাধ্যক্ষ রিয়াজুল ইসলাম মুছা, সদস্য ইউসুফ আলী, তোফায়েল হোসেন মুকুল এবং সুজন আহমেদ প্রমুখ। এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলামসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

